পর্দার সুপারহিরোই যেন নেমে এলেন মাটিতে। উদ্ধার করলেন তার দলকে। বিশ্বকাপের পর দলের বাইরে চলে যাওয়া হাল্কের একমাত্র গোলেই শনিবার কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা নিরপেক্ষ ভেন্যু নিউ জার্সিতে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। ম্যাচের ১০ মিনিটে গোলটি করেন হাল্ক।
গত বছর ঘরের মাঠের হতাশাজনক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী মাসে সানতিয়াগোতে চিলির বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচটিই এখন তার মূল লক্ষ্য বলে হাল্ক জানিয়েছেন। রেড বুল এরিনাতে ম্যাচের ১০ মিনিটে বক্সের মধ্য থেকে কোস্টারিকার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান হাল্ক। প্রথমবারের মত কোচ অস্কার রামিরেজের অধীনে খেলতে নেমে কোস্টারিকা অবশ্য খুব একটা সুযোগ সৃষ্টি করতে পারেনি। যথেষ্ট সুযোগ তৈরিতে ব্যর্থ হয় ব্রাজিলও। বিরতির পরে অবশ্য মার্সেলো ও ডগলাস কস্তা দুটো ভাল সুযোগ নষ্ট করেছেন। দলের তারকা স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক নেইমার ম্যাচ শেষের ১০ মিনিট আগে মাঠে নেমেছিলেন। উত্তর আমেরিকায় দু’টি প্রীতি ম্যাচের জন্য নেইমরাকে দলভুক্ত করা হলেও বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দু’টি ম্যাচে তিনি থাকছেন না। কোপা আমেরিকায় লাল কার্ড পাওয়ায় তাকে ঐ দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেতে হচ্ছে।
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের পরিবর্তে কাল কোস্টারিকার গোলবার সামলানোর দায়িত্ব পড়েছিল দলের দ্বিতীয় গোলরক্ষক প্যাট্রিক পামবারটনের ওপর। ম্যাচের শুরুতেই সাত মিনিটের মধ্যে হাল্কের একটি ফ্রি-কিক এবং ডেভিড লুইজের শট আটকে দিয়ে প্যাট্রিক অবশ্য নিজেকে ভালই প্রমাণ করছিলেন। তবে ১০ মিনিটে হাল্ককে আর আটকানো সম্ভব হয়নি। দারুণ একটি আক্রমণ থেকে কোস্টারিকার সেন্ট্রাল ডিফেন্ডার গিয়ানকার্লো গঞ্জালেজকে পাশ কাটিয়ে বল জালে জড়ান এই তারকা। ছয় মিনিট পরে ফার্নান্দিনহোর আরেকটি প্রচেষ্টা রুখে দেন পামবারটন।
ব্রাজিলকে আটকানোর কাজটা বেশ ভালই করেছে রামিরেজের দল। তবে সে তুলনায় নিজেরা তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৫৫ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল তাদের সামনে। কিন্তু ব্রায়ান রুইজের গোলটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়।
চলতি বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পরে এটাই উভয় দলের প্রথম ম্যাচ। কোপা আমেরিকায় ব্রাজিল প্যারাগুয়ের কাছে এবং গোল্ড কাপে কোস্টারিকা মেক্সিকোর কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল। উত্তর ও মধ্য আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্ব নভেম্বরে শুরু হবার আগে আগামী মাসে টিকোসরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অন্যদিকে ব্রাজিল মঙ্গলবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। অক্টোবরে চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আগে এই দু’টি অনুশীলন ম্যাচে অংশ নিচ্ছে সেলেসাওরা। বাসস

