দিল্লিতে সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

S M Ashraful Azom
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত একজন সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, রাজধানী দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-তে বিলাসবহুল ফ্ল্যাটে তিনি দুই নেপালি নারীকে টানা কয়েক মাস ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছেন। এসময় তাদের ওপর বিকৃত যৌন নির্যাতন চালানো হয়।

সোমবার রাতে স্থানীয় একটি এনজিও-র করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই নেপালি নারীকে উদ্ধার করে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ওই সৌদি কূটনীতিকের কী ধরনের ‘ডিপ্লোম্যাটিক ইমিউনিটি’ বা কূটনৈতিক রক্ষাকবচ আছে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে পুলিশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পুলিশের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সৌদি দূতাবাসের সঙ্গেও এ ব্যাপারে তাদের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
 
দিল্লির নেপাল দূতাবাসও গোপন সূত্রে নির্যাতনের খবর পেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলো। উদ্ধার হওয়া ৫০ ও ২০ বছর বয়সী দুই নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছেন, ওই ফ্ল্যাটে প্রায় চার মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিলো।
 
এই সময়ের মধ্যে বহু লোক প্রায় প্রতিদিন তাদের ধর্ষণ করেছেন, তাদের নিয়মিত মারধর করা হয়েছে এবং প্রায় কিছুই খেতে দেয়া হয়নি। তাদের ফ্ল্যাটের বাইরে পা রাখারও অনুমতি ছিল না। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

দিল্লিতে সৌদি দূতাবাস অবশ্য ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। সৌদি রাষ্ট্রদূত ভারতের একটি সংবাদ সংস্থাকে এই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাটাই ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন।

নেপাল থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা গৃহপরিচারিকার কাজের জন্য ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দেন। তাদের অনেককেই অমানবিক পরিবেশে কাজ করতে হয় এবং নির্যাতনের শিকার হতে হয় বলে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।

জানা যায়, এই দুই নেপালি মহিলাও গত এপ্রিলে নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি দেন। সৌদির জেদ্দায় দুসপ্তাহ কাটানোর পর তারা মনিবের সঙ্গে ভারতে চলে আসেন।
 
ভারতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড করার পর তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। সূত্র: এএফপি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top