প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রী সফল নয় : ওবায়দুল কাদের

S M Ashraful Azom
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া দেশের কোনো মন্ত্রী সফল নয়। আমি নিজেও সফল নই। সফল বলে দাবি করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী।

শনিবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, "কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা। মহাসড়কের যদি এমন বেহাল অবস্থা হয় তাহলে সফল কিভাবে হবো।"

তিনি বলেন, "প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা অপকর্ম করে দলের ও সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের নির্মূল করা হবে। এসব আগাছা-পরগাছাদের অপকর্মের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।" প্রত্যেক মন্ত্রীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের দুর্ভোগ কেমন তা মন্ত্রীদের সরেজমিনে দেখা জরুরি। শুধু নিজ এলাকায় বসে থাকলে চলবে না। কারণ মন্ত্রীরা শুধু নিজ এলাকার মন্ত্রী নয় দেশের ১৬ কোটি মানুষের মন্ত্রী।

তিনি আরও বলেন, অতি বৃষ্টিতে সড়কের কিছু ক্ষতি হয়েছে। আবার কিছু কিছু সড়কে কাজের মান খারাপ হওয়ার কারণে এ অবস্থা। আমি এসব নিজেই তদন্ত করে দেখছি। যেসব ইঞ্জিনিয়ার ও ঠিকাদার খারাপ কাজ করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এসব ঠিকাদারদের কালো তালিকাভূক্ত করার পাশাপাশি ইঞ্জিনিয়ারদের শাস্তি পেতে হবে। কারণ দেশের মানুষের ট্যাক্সের টাকা খেয়ে অপচয় করার অধিকার কারও নেয়। এ ব্যাপারে আমি কঠোর ও কঠিন অবস্থানে রয়েছি।

এসময় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা প্রশাসক আলী হোসেনসহ সরকারি কর্মকর্তা, জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top