চকরিয়ায় মুক্তিযোদ্ধাকে অপহরণ, মুক্তিপণ দাবি

S M Ashraful Azom
কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নুরুল আবছার নামের এক মুক্তিযোদ্ধাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালাপাড়া গ্রামে ঘটেছে এ অপহরণের ঘটনা। এদিন রাত আটটা পর্যন্ত অপহৃত মুক্তিযোদ্ধার খোঁজ মেলেনি। তবে অপহরণকারী দুর্বৃত্তরা তাকে মুক্তি দেয়ার বিনিময়ে পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।
 
অপহৃত মুক্তিযোদ্ধা নুরুল আবছার ইউনিয়নের কালা পাড়া এলাকার বাসিন্দা  এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম বলেন, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বসতবাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নুরুল আবছারকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধারে থানা পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। অপহরণের এ ঘটনায় অপহৃত মুক্তিযোদ্ধার মেয়ে রাবেয়া খানম অশ্রু বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন।
 
ঘটনার বিবরণ জানিয়ে পরিবার সদস্যরা জানান, অন্তত ১৫-২০ জন সশস্ত্র দুর্বৃত্ত গভীর রাতে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির দরজা ভেঙ্গে ৫-৬ জন ভেতরে প্রবেশ করে এবং অন্যরা বাইরে পাহারা দেয়। অপহৃতের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া খানম অশ্রু বলেন, অস্ত্রধারী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকলেও কোন জিনিসপত্র লুট করেনি। শুধু তার বাবাকে (মুক্তিযোদ্ধা) নিয়ে গেছে। তিনি সব কিছুর বিনিময়ে তার বাবাকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, অপহৃত মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি। তবে তার মেয়ে স্বাক্ষরিত একটি অভিযোগ দেয়া হয়েছে। এর আগেই ঘটনা শুনে থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অপহৃত মুক্তিযোদ্ধাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top