বিএনপির রাজনীতি করার সাহস নেই: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
বিএনপিকে রাজনীতি করতে না দেয়ার অভিযোগ সঠিক নয়, আসলে তাদের রাজনীতি করার সাহসই নেই এমনটাই দাবি করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেই কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে বিএনপির নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন ছোড়েন, দেশে অন্য কাউকে রাজনীতি করতে দেবেন না? জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপির যে সংকট, সেই সংকট সাহসের সংকট। রাজনীতি করতে হলে, বিরোধী রাজনীতি করতে হলে, সাহস লাগে। সেই সাহসটা প্রদর্শন করতে তারা ব্যর্থ। বিএনপির বিরোধী দলের রাজনীতিতে যে সাহসী ভূমিকা রাখার কথা, সেই সাহস তাদের নেই। তারা ভয়কে জয় করতে পারে না।

এত বড় একটা বিরোধী দলের অবস্থা দেশের ভাঙা সড়কের মতো বেহাল উল্লেখ করে  সেতুমন্ত্রী বলেন, তারা ৫০০ লোকের একটি মিছিল বের করতে পারে না। তারা আন্দোলন বলতে যদি মনে করে পেট্রল বোমা ও ককটেল দিয়ে করতে হবে, সে আন্দোলন তো আন্দোলন না। পেট্রল বোমা ও ককটেল ছেড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করলে, মিছিল মিটিং করলে, অবশ্যই তাদের স্পেস দেয়া হবে।

গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া নেয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়া হলে পরিবহন শ্রমিক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিআরটিএর দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, সর্ষের মধ্যেও ভূত আছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের যেখানেই বদলি করা হয়, সেখানেই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

এর আগে মন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে চলাচলকারী বিভিন্ন গণপরিবহনে উঠে যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান, বিআরটিএর উপপরিচালক আব্দুল কুদ্দুস প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top