রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ নজমুল
হক উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় প্রবীণ সঙ্গীতশিল্পী এমদাদুল হক
লালা (৭০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের
বাড়ি নগরীর হেতেম খাঁ কারিগরপাড়ায়। তিনি রাজশাহী বেতারের সঙ্গীতশিল্পী
ছিলেন। তার বাড়িতে সারগাম সঙ্গীত শিক্ষাকেন্দ্র নামের একটি সঙ্গীত
প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
নিহতের
ভাতিজা রোকন জামান জানান, তিনি বাইসাইকেলে চড়ে নগরীর বিভিন্ন এলাকায়
শিক্ষার্থীদের বাড়ি গিয়ে সঙ্গীতশিক্ষা দিতেন। আজও সঙ্গীত শিক্ষা দিয়ে বাড়ি
ফিরছিলেন।পথে ট্রাক চাপায় তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সঙ্গীতশিল্পী লালা বাইসাইকেলে সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন।
অপরদিকে সাহেব বাজারের দিক থেকে একটি খালি ট্রাক দড়িখরবোনার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে কাদিরগঞ্জ নজমুল হক স্কুলের সামনে ট্রাকটি লালাকে চাপা দিয়ে
পালিয়ে যায়। এতে লালার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরে পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বিষয়টি
নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, লাশ উদ্ধার
করা হয়েছে। তার পরিবারের সঙ্গে আলাপের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

