শিগগিরই শুরু হচ্ছে ‘ডন থ্রি’ ছবির কাজ। তবে এর চেয়েও বড় খবর দুটি হলো- এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখকে। আর প্রিয়াঙ্কা চোপড়ার বদলে রোমা চরিত্রে থাকবেন ক্যাটরিনা কাইফ। এমনই নানান খবর দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমে।
এ খবর নানান প্রশ্নের জন্ম দিয়েছে। রোমা চরিত্রকে জনপ্রিয় করে তুললেন তো প্রিয়াঙ্কাই! তাহলে তাঁকে বাদ দেয়া হচ্ছে কেন? শোনা যাচ্ছে, পরিচালক ফারহান না কি এ বারের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন আরো জোরদার করে! সেই চিত্রনাট্য এক অন্য চেহারার রোমা দাবি করে। তাই বদলে যাচ্ছে রোমা। সব ঠিক থাকলে ক্যাটরিনাই হবেন সেই নতুন রোমা!
এদিকে বলিউডের অন্যতম রোমান্টিক নায়ক শাহরুখ খানকে দেখা যাবে ভিলেন হিসেবে। প্রযোজক রিতেশ এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া। আর ওই সূত্র নিশ্চিতভাবেই দাবি করেছে ‘ডন’ এর নতুন এ কিস্তিতে থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া।
২০০৬ সালে অমিতাভ বচ্চনের ‘ডন’ এর রিমেক করে বেশ প্রশংসা পান বলিউড বাদশা। এরপর ‘ডন টু’ তেও সে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। এই দুটি ছবিতেই প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন।

