‘দুই বিদেশি হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে। এসব চক্রান্তের খলনায়কদের নামও আপনারা দেখতে পারবেন।’
শুক্রবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘‘শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের মানুষ আবার শেখ হাসিনাকে বিজয়ী করবে, আওয়ামী লীগ বিজয়ী হবে। বাংলার জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে।’’
এ সময় মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যান। দুর্নাম হয় এমন কোনো কাজ করবেন না।’’
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, খগেন্দ্র চন্দ্র দাস, আমজাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সন্ত্রাসীর হাতে শহীদ হন ময়েজ উদ্দিন আহমেদ। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ময়েজ উদ্দিন আহমদের কন্যা।

