ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন (বিবরণী) দাখিলের সময়সীমা আরো দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। হজ ও ঈদুল আজহার কারণে করদাতারা সঠিক সময়ে আয়কর রিটার্ন দাখিল করতে না পারায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রাজস্ব বোর্ডের (্এনবিআর) পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর এ তথ্য জানানো হয়।
বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী করদাতাদের প্রতি আয় বছরের (জুলাই-জুন) আয়-ব্যয়ের হিসাবের বিবরণী সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর অফিসে দাখিল করতে হয়। এ সময়ের মধ্যে হিসাব দাখিল না করলে জরিমানাসহ শাস্তির বিধান রয়েছে। তবে উপ-কর কমিশনারের কাছে যথাযথ কারণ দেখিয়ে আবেদন করলে তিন মাস পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

