যশোরের চৌগাছায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতারা এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকালে চৌগাছা উপজেলা পরিষদ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার মেয়েটির বাড়ি উপজেলার হায়াতপুর গ্রামে। সে উপজেলার পাতিবিলা হাজি শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। এরা হলো- চৌগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জল হোসেন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ নেতা সানি ও ছাত্রলীগ কর্মী শিমুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে স্কুল ছাত্রীটি তার চাচাতো বোন ও বন্ধুর সঙ্গে চৌগাছা বাজারে বেড়াতে আসে। মেয়েটির চাচাতো বোন কেনাকাটা করতে গেলে মেয়েটি বন্ধুর সঙ্গে পাশের চৌগাছা শাহাদত্ পাইলট স্কুলের খেলার মাঠে বসে গল্প করছিল। এ সময় পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জল হোসেন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ নেতা সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও আলামীন মেয়েটির বন্ধুকে মারপিট করে তার মোবাইল কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। তারা মেয়েটিকে জোর করে উপজেলা পরিষদের পাশে আলামীনের ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ শুরু করলে মেয়েটির চিত্কারে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চৌগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা উজ্জল, ছাত্রলীগ নেতা সানি ও শিমুলকে গ্রেফতার করেছে। তারা সবাই পৌর এলাকার বাসিন্দা।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

