এমপি লিটনকে গ্রেফতারের দাবি

S M Ashraful Azom
বর্তমান সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে, সরকার ক্ষমতায় আসার পর ক্রমান্বয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সাধারণ মানুষ থেকে বিদেশি নাগরিকরাও ঘরের বাইরে নিরাপদ নন। এ অবস্থায় ‘অবৈধ’ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের আহ্বান জানিয়েছে দলটি। বিএনপি গাইবান্ধার সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানিয়েছে।
 
গতকাল শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, বিনা ভোটে গত বছরের ৫ জানুয়ারি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ক্রমান্বয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
 
রিপন বলেন, বিনা ভোটের এমপি’রা, শাসক দলের ক্যাডাররা সারাদেশে যেভাবে তাণ্ডব ও নৈরাজ্য বিস্তার করছে– তাতে এখন মায়ের পেটের শিশু যেমন নিরাপদ থাকেনি, সাধারণ মানুষসহ অবুঝ শিশুরাও তাদের সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছে প্রতিদিন। গাইবান্ধা’র গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সদস্য শাহ আলমকে গত বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করেছে। আইন প্রয়োগকারী সংস্থা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অসহায় হয়ে পড়েছে। অপরদিকে সরকার বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনে সারাদেশে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে।
 
আপনারা জানেন, আমাদের দল পুনর্গঠনের প্রক্রিয়ায় যে কাউন্সিল অনুষ্ঠানের কার্যক্রম হাতে নিয়েছে তাকে বাধাগ্রস্ত করার জন্য সরকার কখনো আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্বিচারে ব্যবহার করছে এবং এর পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে বিভিন্ন অঞ্চলে আমাদের কাউন্সিল অনুষ্ঠানে হামলা করছে।
 
তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে একটি ইউনিয়ন পর্যায়ের সম্মেলনে হামলা চালিয়েছে। সাবেক এমপির বাড়িতে হামলা চালিয়েছে। জেলার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের গাড়ি ভাংচুর করেছে। বিএনপি কর্মী আবু তাহের দোলন, করিম, মানিকসহ ৫ জন আহত হয়েছে ঐ হামলার ঘটনায়।
 
রিপন বলেন, বিনা ভোটের এমপিদেরও আইন প্রণেতা বলা হয় আইনের দৃষ্টিতে। কিন্তু যারা সন্ত্রাসী আচরণ করে তারা কি আইন প্রণেতার মর্যাদা লাভের উপযুক্ত? এতে সংসদ সদস্য পদের মর্যাদা সম্পর্কে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিনা ভোটে একটি সংসদ গঠিত হওয়ায়– এ সংসদের সদস্যরা অনেকেই নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন। বিনা ভোটের সংখ্যাগরিষ্ঠ এমপিদের দ্বারা গঠিত এই সরকার নিজেদেরও জবাবদিহি করতে অনাগ্রহী। তাই তাদের পক্ষে দেশে কোনভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
 
তিনি বলেন, শাসক দলের প্রধান বিদেশে বসে ২০১৯ সালের পূর্বে নির্বাচন নয়’– এ কথা বলার পর শাসক দলের দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এর ফল শুভ নয়। সরকারের মন্ত্রী সরকার-ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর মালিকানাধীন প্রচার মাধ্যম- বিরোধী দলের দেয়া বক্তব্য-বিবৃতি বিকৃত করে প্রকাশ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
 
রিপন বলেন, গত কয়েকদিনে একজন ইতালীয় এবং একজন জাপানি নাগরিকের নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক।
 
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top