স্বাধীনতার জন্য যা দরকার, তিনি (জিয়া) সব করেছেন- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না হন, তাহলে বাংলাদেশে একটা মুক্তিযোদ্ধাও নেই। শুক্রবার বিকেলে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান' শীর্ষক এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। তাহলে কি তাদের নেতা (শেখ মুজিবুর রহমান) না জেনেই পাকিস্তানের চরকে বীর উত্তম খেতাব দিয়েছেন। বলতে গিয়ে তাঁরা (আওয়ামী লীগ নেতারা) নিজের নেতাকেও যে অসম্মান করছেন, সেটাও তাঁরা বুঝেন না।'
নজরুল ইসলাম খান বলেন, 'জিয়াউর রহমান নিজে লিখে ঘোষণাপত্রটি পড়েছেন। হ্যাঁ, এরপর রাজনীতিকরা তাঁকে (জিয়া) বুঝিয়েছেন যে আপনি এভাবে বললে বিদ্রোহ বলে মনে হবে, স্বাধীনতা হবে না। এভাবে বললে ভালো হবে। তিনি মেনে নিয়েছেন। স্বাধীনতার জন্য যা দরকার, সব করেছেন।'

