বর্তমান সময়ের জনপ্রিয় টিভি তারকা জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের শুরু থেকেই তিনি নিজের অবস্থানে অনড় থেকেছেন তার অভিনয় প্রতিভার সহায়তায়। সম্প্রতি তার কাজের ব্যস্ততা এবং মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে কথা বলেছেন তিনি।
নতুন কাজ বলতে বেশকিছু ধারাবাহিক নাটকে কাজ করছি। তবে আমার মনে হয় বর্তমানে আমাদের মিডিয়ায় নাটকের অবস্থা খুবই হতাশাজনক। তাই আগের মতো আর নাটকে কাজ করতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমার চিন্তা-ভাবনা চলচ্চিত্র নিয়ে। যদিও প্রচুর চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছি, তবে আগে কখনও চলচ্চিত্র নিয়ে আমি এখনকার মতো চিন্তা করিনি। কিন্তু এখন আমি চলচ্চিত্রে কাজ করার বিষয়টিতে অনড়।
সেক্ষেত্রে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার কথা কি ঠিক হয়েছে?
কথা-বার্তা চলছে, তবে এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। আমি আমার সব ক্ষেত্রেই একটু ভিন্নতা আর আমার নিজেস্বতা রাখতে পছন্দ করি, তাই ভিন্ন কোনো চরিত্রের সন্ধানে আছি। যদিও এখন বেশকিছু চলচ্চিত্রে কাজ করার কথা চলছে। আর সেক্ষেত্রে যদি আমার মনে হয় কাজগুলো আসলে আমার সাথে মানাবে তবেই আমি কাজগুলো করবো।
সম্প্রতি বিবিসিতে আপনি একটি প্রোগ্রাম করেছেন সে সম্পর্কে কিছু বলেন?
বিবিসিতে আমি যে কাজটি করছি সেটা বিবিসির একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম। ‘উজান গাঙ্গের নাইয়া’ সিজন থ্রি নামের বিবিসির এই প্রোগ্রামটিতে আমার চরিত্রের নাম শোভা রানী। আর প্রোগ্রামটির কাজ এখনও চলছে, শেষ হয়নি।
এবারের ঈদে আপনার অভিনীত নাটকগুলোর দর্শক প্রতিক্রিয়া কেমন বলে আপনার মনে হয়?
আমি আগেই বলেছি কাজের ভিন্নতা না থাকলে আমি কাজ করি না। সেক্ষেত্রে এই ঈদে আমার যে নাটকগুলো দর্শকরা দেখেছেন সেগুলোর দর্শক প্রতিক্রিয়া ছিল খুবই ভালো। আর শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নয়, আমার অনেক দর্শক অনেক সময় সরাসরিও আমার কাজের প্রশংসা করেছেন।
বিগত ঈদের অনুষ্ঠানগুলোতে অনেক বেশি বিজ্ঞাপন বিড়ম্বনা ছিল বলে অভিযোগ করেছেন অনেকেই, সেক্ষেত্রে কি এবারের ঈদের অনুষ্ঠানে বিজ্ঞাপন বিড়ম্বনা কম ছিল বলে আপনার মনে হয়?
আমার মনে হয় এবারের ঈদের অনুষ্ঠানে বিজ্ঞাপন বিড়ম্বনা আগের মতোই ছিল, কোনো উন্নতি হয়নি। আসলে আমরা যারা অভিনয়শিল্পী আছি তারা দর্শকদের আনন্দের জন্যই কাজ করি। আর সেক্ষেত্রে দর্শকরাই যদি আমাদের নাটকগুলো দেখতে বসে বিজ্ঞাপন বিড়ম্বনার জন্য টেলিভিশনের সামনে থেকে উঠে যায় তাহলে তো আমাদের কষ্টের কোনো মূল্যই থাকে না। তবে এবার বেশকিছু চ্যানেলে বিরতিহীন অনুষ্ঠান প্রচারের উদ্যোগটি ভালো ছিল।

