অনলাইনে চ্যাট করার জন্য অত্যন্ত জনপ্রিয় স্কাইপ। নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এতে নিত্যনতুন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। কোম্পানিটি সম্প্রতি এমন একটি ফিচার যুক্ত করেছে যার মাধ্যমে মাত্র এক জনের স্কাইপ অ্যাকাউন্ট থাকলেই অনলাইনে যে কোন পিসি ব্যবহারকারীর সাথে চ্যাট করা যাবে।
এর জন্য যার স্কাইপে অ্যাকাউন্ট আছে তিনি 'প্লাস নিউ' বাটনে ক্লিক করে একটি লিংক তৈরি করে অপরজনের সাথে লিংকটি শেয়ার করতে পারবেন। এই লিংকে ঢুকে খুব সহজেই চ্যাট শুরু করা যাবে। যিনি লিংকটি পাবেন তার জন্য নতুন করে তার স্কাইপ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।
মাইক্রোসফট জানিয়েছে, ইমেইল, ফেসবুক, টুইটার, ম্যাসেঞ্জার বা যেকোনভাবে লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পাঠানো যাবে। যিনি এই লিংক পাবেন তিনি তাতে ক্লিক করলে চ্যাটিং সুবিধা সম্বলিত একটি ট্যাব খুলে যাবে। সেখানে নিজের নাম দিয়ে লিংক প্রেরকের সাথে চ্যাট করতে পারবেন।
এতো দিন স্কাইপ দিয়ে চ্যাট করতে হলে দুজনেরই স্কাইপ বা আউটলুক অ্যাকাউন্ট থাকতে হতো। মাইক্রোসফট জানিয়েছে ভবিষ্যতে অ্যাকাউন্ট ছাড়াই স্মার্টফোনে স্কাইপ ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্কাইপ ব্যবহারকারীরা এই সুবিধাটি পাচ্ছেন। খুব শিগগির এই সুবিধা অন্যান্য দেশেও চালু হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বর্তমানে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, উই চ্যাটের মতো অ্যাপগুলোতে অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট করা যায়। এর জন্য একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই হয়ে যায়। এই পদ্ধতিতে স্মার্টফোনের ফোনবুক ব্যবহার করে অ্যাপটি।

