রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর সম্পর্কের শুরু ২০০৯ সালে। এরপর থেকে দলটির মূল আকর্ষন হয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গত মৌসুম থেকেই মূলত সান্তিয়াগো বার্না ব্যু ছাড়ার গুঞ্জন ওঠে সিআর সেভেনের। ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার সাম্প্রতিক সময়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিতে পারেন রোনালদো এমনই খবর ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
চারদিকে যখন এমন খবর উড়ে বেড়াচ্ছে তখন দলের কোচ রাফায়েল বেনিতেজও কাছাকাছি মত প্রকাশ করলেন। তিনি জানান, আগামী মৌসুমে রোনালদো রিয়ালের থাকবে কিনা এ ব্যাপারে আমি কোন নিশ্চয়তা দিতে পারব না। তবে লস ব্ল্যাঙ্কসে পর্তুগিজ অধিনায়ক ভালো আছে বলে জানালেন এ স্প্যানিশ।
বেনিতেজ বলেন, আমি কি নিশ্চিত করতে পারব যে, রোনালদো আগামী মৌসুমে এখানে থাকছে কিনা? কেউ কি নিশ্চিত করতে পারবে আগামী বছর তার চাকুরি থাকবে কিনা? এটা আসলে বলা অসম্ভব। আর সবার ক্ষেত্রে এই একই বাস্তবতা। তিনি আরো বলেন, আমি শুধু বলতে পারি দল এখন দারুণ খেলছে। আর সব ফুটবলারই ভালো রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোও তাই।

