বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

S M Ashraful Azom
রাষ্ট্রপতি আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যাতে জ্ঞানার্জনের প্রকৃত ক্ষেত্রে পরিণত হয়, তা নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই মুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না এবং তা হওয়া কাম্যও নয়।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে আচার্যের ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলতার সঙ্গে মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণে সহায়তা করতে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং এই দেশের জনগণ সবসময়ে অসাম্প্রদায়িক এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের সকলের জন্য একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ গড়তে আমাদের শিক্ষার্থীদের এই ঐতিহ্য শিক্ষা দিয়েছি।

আবদুল হামিদ বলেন, বিভিন্ন ধর্মের লোক এখানে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং তারা প্রত্যেকে নিজ নিজ ধর্মচর্চা করছে। শিক্ষার্থীদের জানাতে হবে, এখানে মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তার ছাত্রদের দেশের মূল্যবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা এখন গ্রাজুয়েট। দেশের মূল্যবান মানবসম্পদ। তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তোমরা তোমাদের মেধা, জ্ঞান জনগণের কল্যাণে কাজে লাগাবে।

তিনি বলেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি স্যার ফজলে হাসান আবেদ এবং উপাচার্য অধ্যাপক সৈয়দ সা’দ আন্দালিব বক্তব্য রাখেন। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা করেন। সমাবর্তনে মোট ৯৫৬ জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top