সেবা ডেস্ক: ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহনগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তদন্ত কর্মকর্তার ১০ দিন রিমান্ড আবেদনে এই আদেশ দেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক ফরিদ মিয়া। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বুধবার রাত ১১টার দিকে যশোরের বেনাপোল থেকে মতিনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। তবে তাকে বেশ কয়েক দিন আগেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। ফরিদ মিয়া বলেন, “বিএনপিপন্থি আইনজীবী সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করেছেন।” গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। প্রায় এক মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। এরা হলেন – মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ‘ভাগ্নে রাসেল’, রাসেল চৌধুরী ওরফে ‘চাকতি রাসেল’, ‘শুটার রুবেল’ এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফ। গত মঙ্গলবার ‘চাকতি রাসেল’কে রিমান্ডে নেওয়া হয়। তার আগে মামলায় গ্রেপ্তার অপর তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
