সেবা ডেস্ক: শিশু রাকিব হাওলাদারকে নির্মমভাবে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন খুলনার একটি আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- গ্যারেজ মালিক শরীফ (৩৫), সহযোগী মিন্টু মিয়া (৪০)। এছাড়া মামলার অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে (৫৫) খালাস দেয়া হয়েছে।
খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলাতানা রোববার এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার পরদিন ৪ আগস্ট নিহত শিশুর বাবা মো. নূর আলম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
