সেবা ডেস্ক: বছরখানেক আগে ২০ ক্যারেটের একটা হিরের আংটি দিয়ে রীতিমতো হাঁটু গেড়েই অসিনের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ধনকুবের রাহুল শর্মা। অসিনের সম্মতিও পেয়েছিলেন রাহুল। এর কিছুদিনের মধ্যে ‘গজনি’ তারকা অসিন জানিয়েছিলেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। এরপর থেকেই সংবাদমাধ্যমগুলোর অসিনের বিয়ের খবর নিয়ে মাতামাতি। কিন্তু অসিনও কম যান না। শিগগিরই বিয়ে করছেন— সংবাদমাধ্যমকে একবার এ কথা জানানোর পর থেকেই এই ‘গজনি’ অভিনেত্রী যেন পণ করেছেন, বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবেন না। মুখে রীতিমতো কুলুপ এঁটে রেখেছেন এই অভিনেত্রী। বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমগুলোর প্রশ্ন এড়িয়ে সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিওয়ালি উৎসব উদ্যাপন করবেন। যদিও এই তারকার বিয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম অসিনের বিয়ে নিয়ে খবর ছেপেছে। খবর রটেছে, এ বছরের নভেম্বরেই বিয়ে করছেন অসিন-রাহুল শর্মা। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শহীদ কাপুর-মীরা রাজপুতের বিয়ে যেখানে হয়েছিল, সেই ভেন্যুটিকেই নাকি নির্বাচন করেছেন তাঁরা। টাইমস অব ইন্ডিয়া।
বিয়ে নিয়ে মুখে কুলুপ অসিনের!
নভেম্বর ০৫, ২০১৫
