সেবা ডেস্ক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। পল্লবী ও দারুস সালাম থানা এলাকায় বৃহস্পতিবার পৃথক এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে পল্লবী কালশী মোড়ে বাসের ধাক্কায় শিমুল মিয়া (২০) নামে এক যুবক নিহত হন। তিনি কুর্মিটোলা নতুন ক্যাম্প এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল রশিদ। দারুস সালাম থানার এসআই মাসুদ রানা দ্য রিপোর্টকে জানান, ভোর ৬টায় রাস্তা পার হওয়ার সময় মাজার রোডে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হন। এদিকে দারুস সালাম থানার আরেক এসআই শহিদুল ইসলাম জানান, ভোর ৪টায় দারুস সালাম টাওয়ারের সামনে বাসের ধাক্কায় আলী আশরাফ (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
