শিয়া সম্প্রদায়ের ওপর হামলার নিন্দায় ইরান

S M Ashraful Azom
0
গত মাসে ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসনি দালানে হামলা এবং গত সপ্তাহে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। ইরান মনে করে, এসব হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি দিতে পারবে বাংলাদেশ।
 
সম্প্রতি শিয়া সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে আজ রবিবার ঢাকায় ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে।
 
গত ২৪ অক্টোবর তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় রাজধানীর হোসনি দালানে বোমা হামলায় দু’জন নিহত ও শতাধিক আহত হন। হতাহতদের অধিকাংশই ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এশার নামাজের আগে বন্দুকধারীদের গুলিতে সেখানকার মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিনজন আহত হন।
 
ইরান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। আমরা লক্ষ্য করেছি, সম্প্রতি ধর্মীয় সমাবেশের ওপর এসব হামলা হয়েছে। এর মধ্যে একটি হোসনি দালানে এবং অন্যটি গত ২৬ নভেম্বর বগুড়ার একটি মসজিদে ঘটেছে। এসব হামলায় বহু লোক হতাহত হয়েছেন। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান এ ধরনের জঘন্য এবং নৃশংস ঘটনার জন্য দায়ী হতে পারেন না। এসব ঘটনার জন্য দায়ী লোকজন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাসকারী বিভিন্ন ধর্মের ও বিশ্বাসের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি নষ্টের জন্য এটা করছেন, তাতে কোনো সন্দেহ নেই।
 
ইরানের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি। ইরান বিশ্বাস করে, এ ধরনের অপরাধের কারণ খুঁজে বের করে তাদের শাস্তি দিতে বাংলাদেশ সফল হবে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top