মিউজিক শেয়ার করার সেবা চালু করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। নতুন ফিচারটির নাম দেয়া হয়েছে মিউজিক স্টোরিস। এর মাধ্যমে প্রিভিউ হিসেবে বন্ধুদের শেয়ার করা গান বা অ্যালবামের প্রথম ৩০ সেকেন্ড শোনা যাবে।
এক টুইটার বার্তায় ফেসবুক জানিয়েছে, ফিচারটির মাধ্যমে মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই ও অ্যাপল মিউজিকের সেবা ব্যবহার করে বন্ধুদের গান শেয়ার করা যাবে। শুধু তাই নয় শেয়ার করা গান পছন্দ হলে যে মিউজিক স্ট্রিমিং সাইট থেকে ফেসবুকে স্ট্রিমিং করা হয়েছে তাদের কাছ থেকে গান বা অ্যালবাম কেনা যাবে।
আপাতত অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকরীরা মিউজিক স্টোরিস অ্যাপটি উপভোগ করতে পারবেন। তবে ফেসবুক জানিয়েছে অল্প সময়ের মধ্যেই ফিচারটি অন্যান্য প্লাটফর্মের ব্যবহারকারীরাও সেবাটি উপভোগ করতে পারবেন।
স্পটিফাই ও অ্যাপল মিউজিক নিয়ে ফিচার যাত্রা শুরু করলেও আরো কয়েকটি মিউজিক স্ট্রিমিং সাইট মিউজিক স্টোরিস ফিচারে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

