বিদ্যা বালান এবার বন্ড ওম্যান? ‘ডার্টি পিকচার’-এর তুমুল সাফল্যের পর এবার কি সত্যিই বলিউড থেকে হলিউডে পাড়ি দিচ্ছেন নায়িকা? তাও সরাসরি জেমস বন্ডের নায়িকার চরিত্রে?
সব কিছু ঠিক থাকলে ভবিষ্যতে হয়তো বিদ্যাকেই দেখা যাবে বন্ড ওম্যানের চরিত্রে। নায়িকাকে সরাসরি এই অফার দিয়েছেন পরিচালক আভা দু ভার্নে।
অস্কারের জন্য মনোনীত ছবি ‘সেলমা’র সৌজন্যে আভা-বিদ্যার পরিচয়। সম্প্রতি ‘মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ঐ ছবিতে নারীদের ভূমিকা নিয়ে একটি আলোচনায় হাজির ছিলেন পরিচালক এবং নায়িকা দুইজনেই। সেখানেই আভা জানিয়েছেন, জেমস বন্ডকে নিয়ে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তিনি। আর বিদ্যার দিকে তাকিয়ে বলেন, ‘বিদ্যা তুমিই হবে আমার বন্ড ওম্যান।’
কিন্তু ‘বন্ড ওম্যান’-এর এমন অফার পেয়েও বিদ্যা যেন ছিলেন কিছুটা ব্যাকফুটে। নিজের ওজন নিয়ে বেজায় চিন্তায় নায়িকা। এই ওজন নিয়ে হলিউডে কাজ করতে পারবেন তিনি? সম্প্রতি এক বলিউডি পরিচালকও একইভাবে ‘মোটা’ বলে কটাক্ষ করেছেন বিদ্যাকে।
ঐ আলোচনায় সেদিন হাজির ছিলেন কঙ্গনা রানাওয়াতও। তিনি বিদ্যাকে পুরোপুরি সাপোর্ট করেন। কঙ্গনা বলেন, ভারতীয় সৌন্দর্যের আইকন হলেন বিদ্যা। তাই চেহারার জন্য কাজ পাওয়া নিয়ে তার কোন সমস্যাই হবে না। সহকর্মীকে খোলা মঞ্চে এভাবে পাশে পেয়ে স্বভাবতই খুশি বিদ্যা।
আপাতত অপেক্ষা। প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার বিদ্যাও হয়তো হলিউডের সাফল্য নিয়ে আসবেন! খবর: আনন্দবাজার।

