বার্লিনে সপ্তম বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন শুরু

S M Ashraful Azom
জার্মানির বার্লিনে সপ্তম বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন ২০১৫ শুরু হয়েছে। এ বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের গৃহীত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে ২০১৫ সালের সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বিশ্ব গঠন। ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব জার্মানির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বেসরকারি খাত, সুশীল সমাজ, বিভিন্ন দেশের সরকার ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা আলোচনা ও করণীয় নির্ধারণের জন্য কয়েকদিন ধরে বিভিন্ন সভা, ফোরাম ও কর্মশালায় মিলিত হচ্ছেন। সম্মেলনের অব্যবহিত পূর্বে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া কনফারেন্স ও ইয়ং চ্যালেঞ্জার্স মিটিং অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
চিকিত্সাজনিত প্রয়োজনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস এ বছরের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগদান করতে পারেননি। সম্মেলন উপলক্ষে প্রেরিত একটি ভিডিও বার্তায় প্রফেসর ইউনূস বলেন, নিরাশ হওয়ার জন্য আমাদের হাতে সময় নেই। আমি নিশ্চিত যে, এই সম্মেলনকে আপনারা স্মরণীয় করে তুলবেন। আমি শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও আমি আত্মিকভাবে এই বৈশ্বিক সম্মেলনে আপনাদের সঙ্গে আছি।
 
ভিডিও বার্তায় প্রফেসর ইউনূস আরো বলেন যে, দারিদ্র্য,  বেকারত্ব ও কার্বন নিঃসরণে ‘শূন্য’ লক্ষ্য নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিশ্বকে এই ৩টি বিষয়ে শূন্য লক্ষ্য অর্জনের নীতি গ্রহণ করতে হবে। এই লক্ষ্যগুলো নিশ্চিত করতে আমাদের চারটি বিষয় প্রয়োজন। এগুলো হলো- তারুণ্যের শক্তি ও সৃষ্টিশীলতা, প্রযুক্তির ক্ষমতা, সামাজিক ব্যবসা ও সুশাসন। তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাগুলোকে টেকসইভাবে সমাধান করতে হলে সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সমাজের সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগাতে হবে।
 
এ বছরের সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় ৬০টি দেশ থেকে ৮০০-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন সামাজিক ব্যবসা উদ্যোগসমূহ তাদের কর্মকাণ্ড সরাসরি তুলে ধরছে। সম্মেলন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত রয়েছে প্লেনারি ও ফোকাস গ্রুপ আলোচনা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top