খোকাসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

S M Ashraful Azom
0
ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ে দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা প্রাপ্ত অন্যরা হলেন অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা শাহবুদ্দিন শাবু, সার্ভেয়ার মোতালেব হোসেন ও ফারুক হোসেন।
 
গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলার চার্জশিটভুক্ত সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে হাজির না থাকা আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। চার্জশিটভুক্ত অন্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া। এরা আদালতে হাজির ছিলেন।
 
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়েছে, সাদেক হোসেন খোকা মেয়রের দায়িত্বে থাকাকালে ডিসিসি’র (অবিভক্ত) নীতিমালা লঙ্ঘন করে অন্য আসামিদের যোগসাজশে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়েছেন। 
 
অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ডিসিসি’র এস্টেট বিভাগের নথিতে নোটশিট পরিবর্তন করে আগের সিদ্ধান্ত বাতিল করে ৪৯৩টি দোকান বিভিন্নজনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দিয়েছেন।
 
বলা হয়, বঙ্গবাজারে অস্থায়ী বরাদ্দের মূল কপি গায়েব করে ফটোকপি সংরক্ষণ করা হয়েছে। কানুনগো মোহাম্মদ আলী দোকান বরাদ্দের নথির নোটে প্রতি বর্গফুটের ভাড়া ১০ টাকা উল্লেখ করেছিলেন। পরে তা অনুমোদন করেছিলেন সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান। এরপর সাবেক মেয়র সাদেক হোসেন খোকা প্রতি বর্গফুটের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করেছিলেন। তারা কিসের ওপর ভিত্তি করে মাসিক ভাড়ার হার নির্ধারণ করেছেন, তার কোনো ব্যাখ্যা উল্লেখ করেননি।
 
গত বছরের ২৪ আগস্ট খোকাসহ মোট আটজনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি দায়ের করে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চলতি বছরের ২০ অক্টোবর ১৩ বছরের কারাদণ্ড এবং ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top