৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ নয়-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন জানান, ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষাসচিব, আইনসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ নয়জন বিবাদী করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ নূর উজ সাদিক বলেন, ৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চৌধুরী জাফর শরীফ ও আল মাসুম রিফাত এই ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ নয়, তা নিয়ে গত সপ্তাহে এই রিট আবেদনটি করা হয়। শুনানি শেষে আদালত আজ রুল জারি করে।
নূর উজ সাদিক বলেন, গত ২৯ আগস্ট ৩৪ তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। নন-ক্যাডার অভিধান ২০১০-এর ৫ এর ১ ধারা অনুযায়ী, মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফল তৈরি করতে হবে। কিন্তু তারা (পিএসসি) এটা না করে রোল নম্বরের ওপর ভিত্তি করে এই ফল প্রকাশ করেছে। প্রথা অনুযায়ী, ফল মেধাক্রম ও কোটা আলাদা করে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবার তা না করে মেধাক্রম ও কোটা একীভূত করে ফল প্রকাশ করা হয়েছে।

