সোহম-মীম অভিনীত ‘ব্ল্যাক’ চলচ্চিত্রটি আগামী ২৭ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে। ছবিটি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবার কথা থাকলেও যৌথ প্রযোজনার অনুমতির প্রশ্নে তা আটকে যায়। তবে প্রযোজক সূত্রে জানা যায়, ‘ছবিটি খুব শিগগিরই মুক্তি দেয়া হবে। বেশ কিছু মিডিয়াতে এরই ভেতরে ছবিটি বাংলাদেশে নিষিদ্ধ করেছে বলে খবর এলেও মূলত, কিছু অনুমতি সাপেক্ষ কাগজপত্র গোছাতেই এই বিলম্বটা হচ্ছে। আশা করছি আমরা খুব শিগগিরই সেগুলোর সমাধান করে বাংলাদেশে মুক্তি দেবো।’
ছবিটি মুক্তি প্রসঙ্গে ব্ল্যাক ছবির নায়িকা বিদ্যা সীনহা মীম বলেন, ‘ছবিটির ক্যাম্পেইনে টানা কয়েক সপ্তাহ কলকাতায় ঘুরে এলাম। ঢাকা ও ঢাকার বাইরে সেভাবেই প্ল্যান ছিল। কিন্তু ছবিটি এখানে মুক্তির কিছু অনুমতিপত্রের জন্য সাময়িক বিলম্ব হচ্ছে, এর বেশি কিছু না। এক হিসেবে ভালোই হয়েছে। কারন এতে ছবিটির বাংলাদেশ ক্যাম্পেইনে আমি-সোহম একসাথে একাধিক জায়গায় যেতে পারবো। ছবির বাড়তি প্রচারের জন্য কাজও করতে পারবো। উল্লেখ্য, ছবিটির নির্মাতা কলকাতার বানিজ্যিক ধারার সফল নির্মাতা রাজা চন্দ। ছবিটির দুটি গান এরই ভেতরে ইউটিউবে রেকর্ড গড়েছে।

