ফেসবুকসহ ইন্টারনেট ভিত্তিক অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
বৃহস্পতিবার ইস্যু করা এক প্রেস রিলিজে সংগঠনটি দাবি করেছে, গত ১০ দিনে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের সাইটগুলো এবং বিশেষকরে ফেসবুক বন্ধ থাকায় তাদের ব্যবসায় ধ্বস নেমেছে।
ই-ক্যাবের হিসেব মতে, বাংলাদেশে অনলাইন ব্যবসায় প্রায় ২০০ কোটি টাকার বাজার রয়েছে। আর গত ১০ দিনে অনলাইন ব্যবসার বাজারের অন্তত ৫০-৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব রেজওয়ানুল হক বলেন, দেশের প্রায় ১ লাখ মানুষ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ই-কমার্সের সঙ্গে যুক্ত। তিনি বলেন, দেশে প্রায় ১৫০০ ই-কমার্স উদ্যোগ রয়েছে। আর ফেসবুকে সক্রিয় রয়েছে প্রায় ৩ হাজারেরও বেশি ব্যবসায় উদ্যোগ।

