সেবা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফনদীর জইল্ল্যার দ্বীপ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় কেউ আটক হয়নি। বৃহস্পতিবার ভোরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন জইল্ল্যার দ্বীপ এলাকায় এসব ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ। তিনি জানান, মিয়ানমার হতে নাফনদীর জইল্লার দ্বীপ এলাকায় দিয়ে ইয়াবা আসার সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল ওই স্থানে অবস্থান করেন। ইয়াবা পাচারকারিরা কাছাকাছি আসলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় নৌকা থেকে ঝাপ দিয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে নৌকায় থাকা তিনটি পলিথিন ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানান তিনি। কর্নেল মো. আবু জার আল জাহিদ আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
