স্পিনে ঘায়েল প্রোটিয়াদের সিরিজ হার

S M Ashraful Azom
টানা নয় বছর দেশের বাইরে কোনো সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। নাগপুরের স্পিনিং উইকেটে সেই রেকর্ড মুখ থুবড়ে পড়লো।  রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিন দিনেই ১২৪ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির ভারত। 
শুক্রবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই উইকেটে ৩২ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য আরও ২৭৮ রান প্রয়োজন ছিল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির।
অধিনায়ক হাশিম আমলা ও ফাফ দু প্লেসি ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় বড় হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। স্পিন যথারীতি অতিথিদের মূল হন্তারক ছিলেন অফ স্পিনার অশ্বিন।

দিনের শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও ব্যাটিং ভরসা এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা বড় একটা ধাক্কা দেন অশ্বিন। এরপরই প্রতিরোধ গড়েন আমলা-দু প্লেসি। তবে ৭২ রানের এই জুটি স্বাগতিকদের জয়কে একটু দেরিই করাতে পেরেছে কেবল।
আমলা, দু প্লেসিকে বিদায় করে ভারতের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন লেগ স্পিনার অমিত মিশ্র। কোহলিকে ক্যাচ দেন আমলা, বোল্ড হয়ে যান দু প্লেসি। দুই ব্যাটসম্যানই করেন ৩৯ রান করে।
মিশ্র অতিথিদের প্রতিরোধ ভাঙার পর বাকি কাজটুকু সারতে বেশি সময় নেননি অশ্বিন। এক সময়ে ৪ উইকেটে ১৩০ রানে পৌঁছে যাওয়া দক্ষিণ আফ্রিকা এই অফ স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে গুটিয়ে যায় ১৮৫ রানে।

শেষের দিকে জেপি ডুমিনি (১৯) চেষ্টা করলেও দলের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। টেস্টে এক ইনিংসে এটাই তার সেরা বোলিং। তার আগের সেরা ছিল ১০৩ রানে ৭ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৩২ রানে ৫ উইকেট নেন অশ্বিন।
৩১ টেস্টে এ নিয়ে ১৫ বার পাঁচ উইকেট এবং চারবার ১০ উইকেট নিলেন অশ্বিন। চলতি সিরিজে ১০.৭৫ গড়ে এ নিয়ে ২৪ উইকেট শিকার করেছেন তিনি।ক্রিকইনফো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top