বগুড়ার একটি শিয়া মসজিদে হামলার ঘটনায় এবারো আইএসের নামে দায় স্বীকার করা হয়েছে। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এই তথ্য দিয়েছে। ওয়েবসাইটটির নির্বাহী পরিচালক রিটা কাটজও তার নিজের টুইট অ্যাকাউন্টে লেখেন, আইএস আবারো বাংলাদেশে হামলা ঘটনায় দায়িত্ব স্বীকার করেছে।
এর আগে গত মাসে ঢাকায় হোসেইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিতে গ্রেনেড হামলার এক ঘটনায় দুই জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায়ও আইএস দায় স্বীকার করেছিল বলে দাবি করেছিল সাইট। এছাড়া ঢাকায় ইতালির নাগরিক এবং রংপুরে জাপানের নাগরিককে হত্যার পরও একইভাবে এই সংগঠনের নামে দায় স্বীকার করা হয়। তবে সরকার ‘আইএসের’ এই দাবি বরাবরই নাকচ করে বলেছে যে, বাংলাদেশে এই জঙ্গি সংগঠনের কোন অস্তিত্ব নেই।

