যুক্তরাষ্ট্রে হবে টি-২০ বিশ্বকাপ!

S M Ashraful Azom

আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রত্যাশা করছেন শীর্ষ ক্রিকেট কর্মকর্তারা। আমেরিকার বাজারে ক্রিকেটের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে তারা এই এই লক্ষ্য স্থির করেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান টিম এন্ডারসন বলেছেন, ক্রীড়া হিসেবে বেসবল ও বাস্কেটবল জনপ্রিয়তার শীর্ষে থাকা এই দেশটিতে ক্রিকেটকে জনপ্রিয় করার স্বপ্ন দেখছে ক্রিকেটের আন্তর্জাতিক পরিচালনা সংস্থাটি।

আমেরিকায় বসবাসকারী বিপুল সংখ্যক অভিবাসী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ৫০ ওভারের ওডিআই ক্রিকেট দেখতে সেখানে পাড়ি জমিয়েছিল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে প্রচার স্বত্ব বিক্রি করে আইসিসি বিপুল পরিমাণ অর্থও আয় করেছে।

সিডিনি ডেইলি টেলিগ্রাফকে এন্ডারসন বলেন, ‘আমরা যদি ভাল অগ্রগতি ধরে রাখতে পারি, তাহলে আগামী দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রত্যাশা করতে পারি’। সেটা ২০২৪ সালে হতে পারে বলে ধারণা করছে পত্রিকাটি।

এন্ডারসন বলেন, ‘আমরা মনে করি এটি একটি ভাল ধারণা। অন্য ক্রীড়াগুলোও তাই করছে। শুধু ফুটবল নয়, রাগবিও তাদের সেরা ইভেন্টগুলো নিয়ে এমনটিই করছে। সুতরাং মাঝারি মানের সময় নিয়ে আমরাও বিষয়টি দেখতে পারি’।

২০১৬ সালে আগামী টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ভারত। আর ২০২০ সালের টুর্নামেন্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া। সম্প্রতি কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের নেতৃত্বে একদল সাবেক ক্রিকেট তারকা আইসিসি’র অনুমোদনে যুক্তরাষ্ট্রে অংশ নিয়েছিলেন তিন ম্যাচের টি-২০ ক্রিকেটে। ওই লড়াই দেখতে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে ভিড় করেছিল।

যেখানে অংশগ্রহণ করেছেন ক্রিকেট থেকে অবসর নেয়া তারকা ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, কার্টলি এম্ব্রোস, মুত্তিয়া মুরালিধারন, ওয়াসিম আকরাম, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ম্যাথ্যু হেইডেন, গ্লান ম্যাকগ্রা ও ব্রাড হাডিন। অচিরেই অবসরে না যাওয়া ক্রিকেট বিশ্বের কিছু শীর্ষ তারকাকেও দেখা যাবে মার্কিন মুল্লুকে খেলতে।

এন্ডারসন বলেন, ‘অচিরেই আমাদের নিয়মিত ক্রিকেট তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে ক্রিকেটের বড় একটি টুর্নামেন্ট। আমার মনে হয় সেখানে ক্রিকেটের সম্প্রসারণ করার সেরা উপায় হচ্ছে এগুলো’।

ইতোমধ্যে ফ্লোরিডা ওডিআই ক্রিকেটের জন্য এ্যাক্রেডিটেড ভেন্যুর স্বীকৃতি পেয়েছে। তবে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে পুরোমাত্রার ক্রিকেট অনুষ্ঠিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় ক্রিকেটকে আরো প্রসারিত করার লক্ষ্যে আইসিসি সেখানকার কলেজগুলোর ক্রীড়া সূচিতে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে, যাতে করে তৃণমুল পর্যায়েই ক্রিকেটারের কোনো ঘাটতি না থাকে।

বর্তমানে আইসিসি’র স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top