
সিরাজগঞ্জ, রাজশাহী ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল ১৯ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জের গাড়াদহে ট্যাংকলরি-নসিমনের সংঘর্ষে নয়জন ও খেয়াঘাটে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হন। রাজশাহীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। অন্যদিকে যশোরে বাস উল্টে নিহত হয়েছেন দুইজন।
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহে মঙ্গলবার ভোরে ট্যাংকলরি-নসিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নয়জন নিহত হন। নিহতরা হলেন শাহজাদপুরের বড় মহারাজপুর গ্রামের হাচেন প্রামাণিকের স্ত্রী ওজিফা বেগম (৬০), জালাল উদ্দিন (৪০), তার স্ত্রী অঞ্জনা খাতুন (২৫), রেজাউল করিমের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), তারা মিয়ার স্ত্রী রেণু খাতুন (৪০), রজব আলীর কন্যা বন্যা খাতুন (১০), মকবুল হোসেন (৪০), নসিমন চালক আব্দুস সোবাহান (৪০) ও পুর্নি খাতুন (১৮)।
মঙ্গলবার সকালে লালমনিরহাটে তেল সরবরাহ করে একটি ট্যাংকলরি শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে ফিরছিল। এ সময় অপরদিক থেকে ২২ জন যাত্রী বোঝাই একটি যাত্রীবাহী নসিমন মহাসড়কের গাড়াদহ এলাকায় পৌঁছলে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংক লরিটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত এবং ১৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে চিকিত্সাধীন অবস্থা আরো তিনজন মারা যান। গুরুতর আহত চারজনকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। নসিমনের যাত্রীরা বাঘাবাড়ি মহারাজপুর গ্রাম থেকে আসছিলেন। বড় মহারাজপুর গ্রামের নিহত মকবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, একই পরিবারের সব সদস্যরা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নসিমন চড়ে বাড়ি থেকে উল্লাপাড়া রেল স্টেশনে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে ট্যাংলরির চালককে পাওয়া যাচ্ছে না।
এদিকে এর কয়েকঘন্টা পরেই গাড়াদহ থেকে এক কিলোমিটার দূরে সিএনজি অটোরিকশা ও বাসের মধ্যে সংঘর্ষে অজ্ঞাতনামা এক স্কুল ছাত্রী নিহত এবং সিএনজির অন্তত চারজন যাত্রী আহত হন। শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম জানান, ঢাকা থেকে নাইটস্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা যাবার পথে দুপুর ১২টার দিকে গাড়াদহ খেয়াঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, ঘটনার পর তাত্ক্ষণিকভাবে সকলকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের চিকিত্সা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
রাজশাহী-নাটোর মহাসড়কের মাসকাটাদীঘি পশ্চিমপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে দুইটি বাস-কোচের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ সাতজন নিহত হয়েছেন। এতে আরো অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানান, চিকিত্সাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস-কোচ ও উত্সুক মানুষের ভিড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘন্টা পর মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
ঘটনাস্থলে থাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পূর্ব) আবু জাফর এবং রামেক হাসপাতাল সূত্রগুলো উভয় গাড়ির চালকসহ সাতজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ন্যাশনাল ট্রাভেলস কোচের চালক শহীদুল ইসলাম, যাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরশিয়া গ্রামের আজাফ আলী ও তার স্ত্রী বেলী আরা, অর্পা পরিবহনের চালক মিন্টু, যাত্রী রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ুইল গ্রামের আবু বকর সিদ্দীক, রাজশাহী কলেজের শিক্ষার্থী ও জেলার বাঘা উপজেলার ফতেপুর বাইশা গ্রামের ফারজানা শেখ ও পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামের মঈন উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ন্যাশনাল ট্রাভেলসের কোচটি ঢাকা থেকে রাজশাহী মহানগরীতে ফিরছিল। অন্যদিকে অর্পা পরিবহনের বাসটি রাজশাহী মহানগরী থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। দুপুর একটার দিকে ন্যাশনাল ট্রাভেলসের কোচটি একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অর্পা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
যশোরে বাস উল্টে নিহত ২
যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদরের নতুনহাট এলাকার ইলাহী বক্সের ছেলে আয়ুব আলী (৪৫) ও মালঞ্চী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৪০)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রকিবুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল থেকে যশোর অভিমুখে বাসটি ছেড়ে আসে। যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।