
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের বহিষ্কার দাবিতে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’ এর ব্যানারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিতরা। গতকাল সোমবার দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ধর্মঘট পালিত হয় ।
ধর্মঘট চলাকালীন সময়ে নাজমুল হাসানের বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে তদন্তে আসে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন সদস্যের একটি তদন্ত দল। কেন্দ্রীয় তদন্ত কমিটির কাছে দশ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির আট জন লিখিতভাবে সভাপতিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং ছাত্রলীগ থেকে তার বহিষ্কার দাবি করেন।
এদিকে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. বিশ্বজিত্ চন্দ্র দেবকে আহবায়ক, প্রক্টর আইনুল হককে সদস্য ও সহকারী প্রক্টর হাসান হাফিজুল রহমানকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে কোন কার্যদিবস উল্লেখ না করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বের করা ছাত্রলীগের স্বাগত মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফের নেতৃত্বে হামলা চালানো হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।