বেগম রোকেয়া দিবস আজ

S M Ashraful Azom

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। উপমহাদেশের এই মহীয়সী নারী রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন এবং একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এবছর তার ১৩৫তম জন্মদিন ও ৮৩তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ‘বেগম রোকেয়া দিবস’ উদ্যাপন এবং ‘বেগম রোকেয়া পদক-২০১৫’ প্রদান করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ গ্রামে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
এদিকে এ বছর রোকেয়া পদক পাচ্ছেন মরহুম ড. তাইবুন নাহার রশীদ ও বিবি রাসেল। আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে দেয়া হবে এককালীন এক লাখ টাকা, আঠার ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননা পত্র।
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন, ডি.লিট) ১৯১৯ সালে ৫ মে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে বিবি রাসেল ১৯৫০ সালে চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৫ সালে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রোকেয়া দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, বিকাল ৪টায়, কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে।
রংপুরে তিনদিনব্যাপী কর্মসূচি
রংপুর প্রতিনিধি জানান, রোকেয়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার থেকে রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ৩ দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, স্বেচ্ছা রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ মাহফিল, কবিতা আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও পদক বিতরণ এবং আলোচনা সভা। এছাড়াও মেলায় থাকবে সার্কাস, পুতুল নাচ, জারিগান ও নারীদের মিলন মেলা। মেলার উদ্বোধন করবেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ।
অপরদিকে বেগম রোকেয়া ফোরাম, বেগম রোকেয়া স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক র্যালী, আলোচনা সভা, নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা ও স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজন করেছে।
বন্ধ স্মৃতিকেন্দ্র খোলার দাবি
এদিকে, বেগম রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি তার স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখতে তার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে নির্মিত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে। তার স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে নির্মিত স্মৃতি কেন্দ্রটি খুলে দিতে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না । রক্ষণা-বেক্ষণের লোক না থাকায় অযত্নে পড়ে রয়েছে স্মৃতি কেন্দ্রে নির্মিত বেগম রোকেয়ার মূর্যাল, তার ব্যবহূত জিনিসপত্র ইত্যাদি। ধুলা আর মাকড়সার জালে বন্দি হয়ে পড়েছে শত শত বই আর রোকেয়ার প্রতিকৃতি। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি স্মৃতি কেন্দ্রটি চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি স্মৃতি কেন্দ্র খোলার এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি জানান, স্মৃতিকেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্ল্যাহ আল ফারুক সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে কেন্দ্রটি পুনরায় চালু এবং বেতন-ভাতা প্রদানের দাবিতে হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করেন। হাইকোর্টের রায়ে এই স্মৃতি কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, বকেয়া বেতন-ভাতা প্রদান এবং চাকুরী রাজস্বখাতে হস্তান্তর এবং এর কার্যক্রম চালুর নির্দেশ প্রদান করেন। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বেগম রোকেয়া ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এম. এ বাশার টিপু বলেন, পায়রাবন্দকে আলোকিত করার জন্য ২০০১ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্মৃতি কেন্দ্র নির্মাণ করেন। কিন্তু কিছুদিন চলার পরে তা বন্ধ হয়ে যায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top