
জার্মানি এ বছরের প্রথম ১১ মাসেই ৯ লাখ ৬৪ হাজার ৫৭৪ জন আশ্রয়প্রার্থীর নাম নিবন্ধন করেছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
শীতের মধ্যেও জার্মানিতে শরণার্থীর ঢল কমছে না। নভেম্বরের শীতেও দেশটিতে পৌঁছায় রেকর্ডসংখ্যক ২ লাখ ৬ হাজার ১০১ আশ্রয়প্রার্থী।
এবছর আগস্টেই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছিলেন, এ বছরই ৮ লাখ আশ্রয়প্রার্থী প্রত্যাশা করছে জার্মানি।
তবে বিবিসি জানিয়েছে, গত অক্টোবরে ফাঁস হওয়া এক নথিতে জার্মান সরকার আসলে ১৫ লাখ আশ্রয়প্রার্থী দেশটিতে পৌঁছানোর ধারণা করছে এমন ইঙ্গিতই পাওয়া গেছে।
ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় জার্মানিই সবচেয়ে বেশি আশ্রয়প্রার্থীকে ঠাঁই দিয়েছে।আশ্রয়প্রার্থীদের নিবন্ধনই অবশ্য শেষ কথা নয়। নিবন্ধন করা সবাইকে যে জার্মানি গ্রহণ করবে তার নিশ্চয়তা নেই।
জার্মানিতে শরণার্থী গ্রহণের ক্ষেত্রে দেশভেদে পার্থক্য দেখা যায়। তবে জীবন বাঁচাতে শরণার্থী হওয়া যুদ্ধপীড়িত সিরিয়ার নাগরিকদের জন্য উদার নীতি নিয়েছে জার্মানি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।