ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার পরবর্তী শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ মঙ্গলবার এ দিন ধার্য করেন।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ সহকারী কৌঁসুলি মাহাবুবুর রহমান বলেন, সন্ধ্যা পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা এই মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মাইনুল ইসলামকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী রবিবার আসামিপক্ষ মামলার এই তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নাজিম উদ্দিন পল্লবী থানায় এ মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।