
'গ্রিন হাউজ গ্যাস নির্গমনে পিছিয়ে বাংলাদেশ, কিন্তু এই গ্যাসের কারণে জলবায়ু পরিবর্তনে সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশ আমরা। '- প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২১) নিজ বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ক্ষতি না করে উন্নয়নের জন্য জাতিসংঘের 'চ্যাম্পিয়ন অব দা আর্থ' পুরষ্কার লাভ করেছেন। ভারসাম্য বজায় রেখে সবকিছু করতে হবে।
বক্তব্যের শুরুতে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করে শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের এই যুদ্ধে সর্বদা পাশে থাকবে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবতা এবং পৃথিবীর জন্য সবচাইতে বড় হুমকি এমন মন্তব্য করে তিনি বলেন. 'বিশেষত স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মত দুর্বল রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনে কম ভূমিকা রাখছে। কিন্তু সেই তুলণায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এখনই আমরা সম্মেলিতভাবে পদক্ষেপ না নিতে পারলে জলবায়ু ঝুঁকি বৃদ্ধি পেতে থাকবে।'
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিশ্বব্যাপি গ্রিন হাউজ গ্যাস নির্গমনের ক্ষেত্রে বেশ পিছিয়ে বাংলাদেশ, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বড় ধরণের আর্থিক ক্ষতিপূরণ করতে হয় আমাদের। প্রতিবছর বাংলাদেশের উন্নয়নমূলক অর্জনের ২ থেকে ৩ ভাগ খরচ হয়ে যায় পরিবেশগত বিপর্যয়ের কারণে এবং ভবিষ্যতে এই পরিমাণ আরো বৃদ্ধি পাবার শঙ্কা রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।