সেবা ডেস্ক: মানুষের মধ্যে পুলিশের প্রতি ‘ভয়’কাজ করছে মন্তব্য করে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে না পারলে কর্মকর্তাদের মাঠ থেকে তুলে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাহিনী প্রধান এ কে এম শহীদুল হক।
পুলিশের নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে মঙ্গলবার রংপুর পুলিশ লাইনস মাঠে এক সভায় এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন-ভাতা দেয়া হয়। জনগণের ওপর পুলিশের কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ নেই। সেই জনগণের সেবা দেওয়াই পুলিশের দায়িত্ব ও কর্তব্য।জনগণ নিরাপদে থাকতে চায়, নিশ্চিন্তে বসবাস করতে চায়। কিন্তু তার পরিবর্তে পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা জন্মেছে। মানুষের মধ্যে এখন পুলিশভীতি ও পুলিশের অপরাধভীতি কাজ করছে। আর এটা হয়েছে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমে যাওয়ার কারণে।
পুলিশ কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব পুলিশ কর্মকর্তাদের গণমুখী হওয়ার মানসিকতা থাকবে না, মানুষের সেবক হিসেবে কাজ করার মানসিকতা থাকবে না, তাদের মাঠে রাখা যাবে না। এ বিষয়ে ইতোমধ্যে ডিআইজি ও পুলিশ সুপারদের নির্দেশনা দেয়া হয়েছে।
কমিউনিটি পুলিশিং কমিটির রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক বলেন, কমিউনিটি পুলিশ জনগণ ও পুলিশের স্বার্থে করা হয়েছে। এই কমিউনিটি পুলিশের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। কোনো থানার ওসি কমিউনিটি পুলিশের কার্যক্রম পছন্দ না করলে তাকে সেখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে।
পরে রংপুর নগরীর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন আইজিপি। এর আগে সকালে কমিউনিটি পুলিশ সদস্যদের শোভাযাত্রায় অংশ নেন তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।