আজ ফাইনালের পথে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আজ বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে স্বাগতিক ভারত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। এবারের আসরে স্বাগতিক ভারত শুরুটা তেমন ভালোভাবে করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের হার দিয়েই সূচনা হয়েছে তাদের সুপার টেনের। তবে এরপর টানা তিন ম্যাচেই জয় দিয়ে ছন্দে ফিরেছে দল এবং নিশ্চিত করেছে সেমিফাইনাল। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এরপর বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ নাটকীয়তায় জয় পেয়েছে ১ রানে। আর সুপার টেনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিকিট কেটেছে সেমির। আর সেমিতে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ বেশ দাপুটেভাবেই সুপার টেনের সূচনা করে। প্রথম তিন ম্যাচেই তারা টানা জয় পেয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু তাদের মূল পর্ব। এরপরের দুটি ম্যাচে পরাজিত করেছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকেও। তবে শেষ ম্যাচে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে তারা। তবে তাতে সেমিতে যেতে কোনো সমস্যা হয়নি তাদের। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, টি২০-তে ভারত এ অবধি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে চারবার। যেখানে দু’দলেরই জয়ের পাল্লা সমান। ২টি ম্যাচে জয় পেয়েছে ভারত, আর ২টিতে ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সমীকরণ থেকে কোনো পর্যায়ে পৌঁছনো মুশকিল। এই ম্যাচে জয়ের পাল্লা কার দিকে বেশি ভারী এটা বলা খুবই জটিল। এই দু’দলেই ম্যাচকে জিতিয়ে দেওয়ার মতো ক্রিকেটার রয়েছে। ভারতে যদি থাকেন ধোনির মতো ‘কুল ক্যাপ্টেন’ এবং বিরাটের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজেরও রয়েছে ক্রিস গেইলের মতো বিগ হিটার, যে কিনা সব বোলারের বলকেই বাউন্ডারির বাইরে পাঠানোর সক্ষমতা রাখেন। তবে এদিনের ম্যাচে দু’দলই তাদের নিজেদের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। ভারত দলের পরিচালক রবি শাস্ত্রী বলেন, ‘সুপার টেনের শেষ তিন ম্যাচের বিপক্ষে ভারত যেমন ধারাবাহিক ছিল এই ম্যাচেও তেমনই থাকবে।’ এছাড়াও তিনি জানান এই টুর্নামেন্টে ভারত মাত্র তাদের ৭০ শতাংশই দিয়েছে। তাই এই ম্যাচে তাদের পুরোটা দিয়েই খেলতে হবে। অন্যদিকে ক্যারিবীয়রাও ভারতের ব্যাপারে অনেক সতর্ক। ভারত নিজেদের ঘরের মাটিতে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ হবে বলেই তাদের ধারনা। অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, ‘দলগত পারফরম্যান্স দিয়েই আমরা সেমি নিশ্চিত করেছি। আশা করছি এই ম্যাচেও আমরা নিজেদের সেরাটাই দিতে পারবো।’ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর দুই দলই। ধোনি তার দলের সব ব্যাটসম্যানকে এই ম্যাচে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। আর স্যামি ভারতের বিপক্ষে সর্বোচ্চ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ৭ উইকেটে বড় জয় নিশ্চিত করেছে সুপার টেনের অপরাজিত দল নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ইংলিশদের আগামী ৩ এপ্রিলের ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান