সেবা ডেস্ক: বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দেশব্যাপী প্রকাশ্য স্থানের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার।
বিকেল ৫টার পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৫টার পর জনগণকে ঢুকতে দেওয়া হবে না।
সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পয়লা বৈশাখে ভুভুজেলা বা যেকোনো উচ্চ শব্দের বাঁশি বাজানো এবং মুখোশ দিয়ে মুখ ঢাকাও নিয়ন্ত্রণ করা হবে। সকালে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় তরুণ থেকে বৃদ্ধ সবাই নানা রঙের মুখোশ পরে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই যাতে নির্বিঘ্নে পয়লা বৈশাখ পালন করতে পারে সে জন্যেই এসব ব্যবস্থা নেওয়া হবে।’
১৪২২ বাংলা নববর্ষে টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দোষীদের শনাক্ত করা গেলেও তাদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।