সেবা ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, সেকেলে পদ্ধতিতে তনু হত্যার তদন্তে লাভ হবে না। তদন্ত করতে হবে ডিজিটাল পদ্ধতিতে।
সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে প্রতিদিনই সভা-সমাবেশ হচ্ছে। থানা, ডিবি ঘুরে এ মামলার তদন্তভার এখন রয়েছে সিআইডিতে।
আইন প্রণেতাদের সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন, আইন প্রণেতাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো তারা আইন সম্পর্কে অজ্ঞ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের প্রধান বিচারপতি।
এ অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়েও কথা বলেন এসকে সিনহা। এ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়েও তিনি মনে করেন, সেকেলে পদ্ধতিতে তদন্তে করে কোনো লাভ হবে না।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজবাসা থেকে উদ্ধার করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষত-বিক্ষত মরদেহ। এরপর চারবছর কেটে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
প্রধান বিচারপতি আরো বলেন, আগে দেখতাম সংসদে আইন প্রণয়ন নিয়ে বিতর্ক হতো, এখন আর হয় না। সংসদে আমরা শেখার মতো কিছু দেখি না।
১৯৬০ সালে বিচারব্যবস্থা যেভাবে শুরু হয়েছিল সমাজব্যবস্থা এখন আর সেরকম নেই বলেও মন্তব্য করেন তিনি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।