সেবা ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পৌরসভার ফারাকপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর মা জানান, স্বপন ও কালাম নামে দুই যুবক মঙ্গলবার বিকেলে তার মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিকুর রহমান জানান, মেয়েটিকে সন্ধ্যায় কালাম নামে একজনের বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে স্বপন (২৭) নামে এক যুবক। এ সময় বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার পুলিশে খবর দেয়। ওই স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরই আবুল কালাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি স্বপনকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

