সেবা ডেস্ক: ভারতীয় টিভি চ্যানেল স্টার জলশায় কিরনমালা অনুষ্ঠান দেখাকে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।মঙ্গলবার দুপুর দুইটায় লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুলাঘাট ইউনিয়নের শরৎ চন্দ্র রায়ের স্ত্রী জুথিকা রানী মারা যান। ওইদিন রাতে ময়না তদন্ত ছাড়া স্থানীয় শ্মশানে মরদেহ দাহ করা হয়েছে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও মৃতের পরিবারের লোকজন জানায়, গত সোমবার (২৩-মে) স্টার জলশা দেখার জন্য তাড়াতাড়ি করে রাতে খাওয়ার জন্য জুথিকা রানী শুধু ভাত ও আলুর ভর্তা রান্না করে রাখেন। এরপর প্রতিবেশী গণেশ চন্দ্র রায়ের বাড়ীতে অন্যান্য দিনের মতোই কিরনমালা অনুষ্ঠান দেখতে যান। স্বামী শরৎ চন্দ্র রায়ও সেখানে যান। শুধু ভাত ও আলুর ভর্তা রান্না করায় স্বামী শরৎ চন্দ্র স্ত্রী জুথিকা রানীকে গণেশ চন্দ্র রায়ের বাড়ীতেই বকা দেয়। বড় ছেলেও তার মাকে বকা দিয়ে রাতে না খেয়ে অভিমান করে ঘুমিয়ে পড়ে। পরদিন মঙ্গলবার বাড়ীর অন্যান্য সদস্যরা প্রত্যেকে কাজের জন্য বাহিরে থাকার সুযোগে জুথিকা রানী ঘরে থাকা কীটনাশক পান করে।
জুথির এ অবস্থা দেখে স্থানীয় প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আজমল হক বলেন, ‘কীটনাশক পানের কারণে মঙ্গলবার দুপুরে জুথিকা রানীকে তার পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু ঘটে। বিষয়টি পুলিশ কেস হওয়ার কারণে আমরা পুলিশের কাছেই মরদেহ হস্তান্তর করেছি। অবশ্য এরপর কী ঘটেছে তা আমার জানা নেই।’
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এএইচএম মাহফুজুর রহমান জুথিকা রানীর বিষপানে আত্মহত্যার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন।