তামিমদের হারিয়ে শীর্ষে মুশফিকরা

Seba Hot News
সেবা ডেস্ক:  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই ঐতিহ্যবাহী দল। ব্যাট-বলের লড়াই শেষে মুশফিকুর রহিমের মোহামেডানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তামিম ইকবালের আবাহনী। ফলে ৬ ম্যাচে ৫ জয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান।
আবাহনীর দেওয়া ১৮৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছে মোহামেডানের ব্যাটসম্যানরা। দলীয় ১৯ রানে সৈকত আলী রিটায়ার্ড হার্ট হলেও এজাজ আহমেদ ও শ্রীলঙ্কান তারকা উপুল থারাঙ্গা দলকে টেনে নিয়েছেন জয়ের বন্দরে। দুজনে মিলে গড়ে তুলেছিলেন ৭৮ রানের জুটি।
এজাজ ব্যক্তিগত ৪২ রানে আউট হলেও থারাঙ্গা ৭৭ রান করে অপরাজিত ছিলেন। ১০৫ বল মোকাবেলা করে ৭ বাউন্ডারির সাহায্যে এ রান করেছিলেন তিনি। এদিন অবশ্য মোহামেডানের অধিনায়ক ও জাতীয় দলের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাট প্রত্যাশা পূরণ করতে পারেনি। আগের রাউন্ডগুলোতে রানের ধারাবাহিকতায় থাকা মুশফিক এদিন মাত্র ১৭ রান করে আউট হয়েছেন। তবে থারাঙ্গার দায়িত্বশীল ব্যাটিং মোহামেডানকে কোনো বিপদে পড়তে দেয়নি।
বৃহস্পতিবারের অপরাজিত ৭৭ রানের সুবাদে চলতি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন থারাঙ্গা। ৬ ম্যাচে ৪ হাফ সেঞ্চুরিসহ ৯৪ গড়ে ৩৭৬ রান করেছেন এ শ্রীলঙ্কান ক্রিকেটার।
সকালে টস হেরে আগে ব্যাটিং করতে হয়েছে আবাহনীকে। দলীয় ৫ রানেই সাজঘরের পথে হেঁটেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন কুমার দাসও ব্যর্থ হয়েছেন। দলীয় ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপেই পড়েছিল আবাহনী। সেই চাপ কাটিয়ে বড় স্কোর গড়তে পারেনি তামিমের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান (অপরাজিত) এসেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের ব্যাটে। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে মাত্র ১৮৩ রানে অলআউট হয়েছে আবাহনী।
মোহামেডোনের পক্ষে এদিন ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পেসার সুভাশিষ রায়। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন হাবিবুর রহমান ও নাঈম ইসলাম জুনিয়র।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান