আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর তারকা বনে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি হয়তো কখনো ভাবেননি ক্রিকেটের বাইরে তাকে পারফর্ম করতে হবে টেলিভিশন মডেলদের মতো। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। ক্রিকেটের বাইরেও তাকে করতে হচ্ছে টিভি তারকাদের মতো অভিনয়। তবে অভিনয়টা তিনি কোনো নাটক বা চলচ্চিত্রে করছেন না; করছেন বিজ্ঞাপনে। দেশে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার পর এবার তাকে দেখা গেল ভিনদেশি বিজ্ঞাপনচিত্রে।
ভারতীয় হোম সার্ভিস কোম্পানি ডিটিডিএস এক্সপ্রেস লিমিটেডের ওই বিজ্ঞাপনে দেখা যায়, অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও ইয়ন মরগানের সাথে বসে টিভি দেখছেন মুস্তাফিজুর রহমান। একসাথে বসে কালারস টিভিতে সিরিয়াল দেখে কাঁদো-কাঁদোভাবে বসে আছেন মুস্তাফিজ ও তার সঙ্গীরা। এমন সময় যুবরাজ এসে, অনুশীলনের জন্যে টিভি বন্ধ করে সবাইকে রেডি হতে বললেন। এ সময় অনুশীলনে যাওয়ার জন্যে ব্যাগ খুলে ওয়ার্নার তার ব্যাটটি খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে গেলেন। তার সাথে চিন্তায় পড়ে মুস্তাফিজদের চেহারাও মলিন। তখন যুবরাজ একটি হোম সার্ভিসকে (ডিটিডিএস) ফোন করে সেই সমস্যার সমাধান দিলেন খুব সহজেই। ফলে হাসি ফুটলো সবার মুখে। আর এভাবেই কোনো বিদেশি বিজ্ঞাপনে প্রথমবারের মতো মডেল হলেন মুস্তাফিজ।
প্রসঙ্গত, এর আগে মুস্তাফিজ দেশে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। যার মধ্যে সেন্টার ফ্রেশের একটি বিজ্ঞাপনে তাকে বেশ সাবলীলভাবেই অভিনয় করতে দেখা গেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুস্তাফিজ এখন অবস্থান করছেন ভারতে। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলছেন কাটারবয় খ্যাত এই বিস্ময়বালক। সেখানে তিনি খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আইপিএল এবার আসর খেলতে গিয়ে বল হাতে তিনি দ্যূতি ছড়িয়ে যাচ্ছেন সমানভাবে। এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন ১৪টি উইকেট। যার মধ্যে বেস্ট আছে ১৬ রানে ৩টি উইকেট।