সেবা ডেস্ক: বলিউডের প্রয়াত অভিনেত্রী জিয়া খানকে হত্যার অভিযোগে সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে বিচারে স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে বম্বে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৫ মে সুরজের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশও দেয়া হয়েছে।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সুরজের বিচারে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর পর সিবিআইয়ের চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে জিয়ার মা রাবেয়া খান বিশেষ তদন্তকারী দলের হাতে তদন্তভার তুলে দিতে আবেদন করেন।
জিয়ার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে রাবেয়া আমিন মামলা করেন। পুলিশের তদন্ত প্রশ্নবিদ্ধ ও একপেশে উল্লেখ করে রাবেয়া দাবি করেছেন, প্রভাব খাটিয়ে সুরজের পক্ষে তদন্তের ফলাফল প্রকাশ করানো হয়েছে পুলিশকে দিয়ে। এ জন্য নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন রাবেয়া।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুতে নিজ বাসা থেকে জিয়া খানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কয়েক দিন পর প্রেমিক সুরজ পাঞ্চোলিকে দায়ী করে জিয়ার লেখা সুইসাইড নোট খুঁজে পান তার বোন। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন জিয়ার মা রাবেয়া আমিন। এর দুদিন পর জিয়ার আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় সুরজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। কিছুদিন জেলের চার দেয়ালে বন্দী থাকার পর জামিনে মুক্তি পান বলিউডের প্রভাবশালী ও বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ।
জিয়া খান শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেছিলেন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ ছবিতে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৭ সালে অভিনয় করেন রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ ছবিতে। ছবিটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন জিয়া। পরে অভিনয় করেন ‘গজনি’ (২০০৮) ও ‘হাউসফুল’ (২০১০) ছবিতে। ২৫ বছর বয়সী জিয়া খানের বেড়ে ওঠা যুক্তরাজ্যে।
যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও বলিউডে ডুবন্ত ক্যারিয়ার নিয়ে অনেক দিন থেকেই হতাশায় ভুগছিলেন জিয়া খান। গত বছরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কবজির রগ কেটে মৃত্যু ঘটানোর চেষ্টা করলেও, সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন বলিউডের উঠতি এ অভিনেত্রী।
গত ৩ জুন মৃত্যুর কিছুক্ষণ আগে জিয়া সর্বশেষ ফোনে কথা বলেছিলেন সুরজের সঙ্গে। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। এমনকি জীবনের শেষ চিঠিতে প্রেমিক সুরজের বিষয়ে নানা গুরুতর অভিযোগ করে গেছেন জিয়া। সেগুলোর মধ্যে প্রতারণা, ধর্ষণ ও গর্ভপাতের মতো বিষয়ও ছিল।