একাদশে ভর্তি: তৈরি হয়নি সফটওয়্যার, আশঙ্কা ভোগান্তির

Seba Hot News
সেবা ডেস্ক:  একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৬ মে। মাত্র তিন দিন বাকি থাকলেও এখনও তৈরি হয়নি ওয়েবে আবেদনের সফটওয়্যার। ফলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গতবছর সফটওয়্যার সিস্টেমের ঘাটতির কারণে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। দেরি হওয়ায় এবং না বুঝে অনেক আবেদনকারী ভুল কলেজে আবেদন করে বসেছেন। শেষে তারা ভোগান্তিতে পড়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, অনলাইনে আবেদন করার নিয়ামবলী প্রকাশ করা হবে ২৬ মে’র আগেই। গতবছর বুয়েটের তৈরি করা ত্রুটিপূর্ণ সফটওয়ার চারদফায় সময় বাড়িয়ে শেষে প্রক্রিয়া সমাপ্তি হয়।
সূত্র জানান, বুয়েটের নাম-ডাকওয়ালা শিক্ষকরা সরকারের সঙ্গে সফটওয়ার তৈরির চুক্তি করলেও আদতে কয়েকজন ছাত্রকে দিয়ে করানো হয় রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ কাজ অভিজ্ঞতাবিহীন এসব ছাত্রদের তৈরি করা সফটওয়ার নিয়ে গতবছর ভোগান্তিতে পড়তে হয়। দায়ভার পড়ে শিক্ষাসচিবের কাঁধে।
গত ১২ মে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত একাদশে ভর্তি নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। গত বছর অনলাইনে একাধিকবার আবেদনের সুযোগ থাকলেও এবার একবারই আবেদন করা যাবে। তবে এসএমএসের মাধ্যমে আবেদন করতে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।
সর্বোচ্চ ১০টি কলেজের জন্য অনলাইনে মাত্র একবারই আবেদনের সুযোগ রাখা হয়েছে। দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম এবং ১০ জুলাই ক্লাস শুরু হবে।
সে অনুযায়ী ভর্তির বিস্তারিত বিধান তুলে ধরে বৃহস্পতিবার নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়, যাতে আগের বছরের মতো মাধ্যমিকের ফলের ভিত্তিতে ভর্তির নিয়ম অব্যাহত রাখা হয়েছে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
মাধ্যমিকে এবারের উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে গত বছর ও তার আগের বছর (২০১৪ ও ২০১৫) উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও আবেদন করা যাবে।

২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে।
যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ১৬ জুন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
আর বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। একাদশের ক্লাস শুরু হবে ১০ জুলাই।কলেজগুলোকে সংশ্লিষ্ট বোর্ডে ৭ থেকে ১৮ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দিতে হবে ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।
অনলাইনে কীভাবে আবেদন করা যাবে সে বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড নির্দেশনা জারি করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, কোনো কলেজ চাইলে তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
উল্লেখ্য যে, বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে নীতিমালায় বলা হয়েছে। অবশিষ্ট ১১ শতাংশ আসনের মধ্যে ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ পোষ্য কোটায় সংরক্ষিত থাকবে।

ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান