পুরস্কার প্রদান ও ছাপচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ বছর ছাপচিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট শিল্পী মাহমুদুল হককে। এ ছাড়াও তিন তরুণ শিল্পীকে নবীন ছাপচিত্র পুরস্কার দেওয়া হয়।
তরুণ শিল্পীরা হলেন— ফারহানা ইয়াসমিন, সুবর্ণা মোরশেদা ও আবদুল্লাহ আল বশীর। এ ছাড়াও সম্মাননা পুরস্কার পেয়েছেন রুহুল আমিন তারেক, শুভ সাহা, সুমন্তা রানী মোহন্ত, খালেকুজ্জামান শিমুল ও সাকিব সেলিম।
কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও ষষ্ঠবারের মতো এ পুরস্কার প্রদান ও মেলার আয়োজন করে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বক্তব্য রাখেন কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আলভী ও গ্যালারি চিত্রকের পরিচালক শিল্পী মুনীরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশে সম্প্রতি শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এ ধরনের শিক্ষিত মানুষ এখনো সমাজে রয়েছে। সাংস্কৃতিক চর্চাই পারে এ ধরনের বর্বর কাজ থেকে মানুষকে দূরে রাখতে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ছাপচিত্র শিল্পের চর্চা ও প্রসারের ক্ষেত্রে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও কাজ করে চলেছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার নাম। তার নামে এ পুরস্কার পেয়ে তরুণ শিল্পীরা আরো এগিয়ে যাবে, অনুপ্রাণিত হবে এই প্রত্যাশা করি।’
আজীবন সম্মাননা পেয়ে শিল্পী মাহমুদুল হক বলেন, ‘ছাপচিত্র আমার প্রথম প্রেম। প্রথম থেকেই এ নিয়ে কাজ করেছি। তাই ছাপচিত্রে এ সম্মাননা পেয়ে ভালো লাগছে। আশা করি, তরুণরা এ মাধ্যমকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্ত আটজন শিল্পীর দুটি করে ১৬টি ও মাহমুদুল হকের তিনটি ছাপচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত এ প্রদর্শনীর শুক্রবার শেষ দিন। এরপর ছবিগুলো মোহাম্মদপুরের ইকবাল রোডে কলাকেন্দ্রে তিন সপ্তাহ প্রদর্শন করা হবে।