বর্তমান সরকারের নীতি-আদর্শের সমর্থক বিশিষ্ট শিক্ষাবিদরা নোট-গাইড বই পুরোপুরি বন্ধ, সৃজনশীল প্রশ্ন প্রণয়নে মাধ্যমিকের শিক্ষকরা যেহেতু এখনো পারদর্শী হননি, তাই বিরাট আকারে প্রশ্নব্যাংক তৈরি করে সেখান থেকে পরীক্ষা নেয়াসহ শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু সুপারিশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়কে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মত-বিনিময় সভায় উপরোক্ত মতামত ও সুপারিশ করেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানীতি প্রণয়ন কমিটির ২০১০’র অন্যতম সদস্য সচিব ড. কাজী খলিকুজ্জামান আহমদ, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, জরুরি আমল সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, টিআইবি’র ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান, কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস মনজুর আহমেদ, শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ।
সভায় দেশের মাধ্যমিক শিক্ষার একটি ধারনাপত্র তুলে ধরেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
সভায় বেশির ভাগ বক্তা সৃজনশীল প্রশ্ন ব্যাংক গড়ে তোলা, কারিকুলাম সহজতর করা, পাবলিক পরীক্ষায় এমসিকিউ বাদ দেয়া, নোট-গাইড বন্ধ করার সুপারিশ করেন।
অধ্যাপক ড.কাজী খলিকুজ্জামান আহমদ আসন্ন বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি করে বলেন, ২ শতাংশ বাজেট দিয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যাবে না। টাকায় অংকে বেশি নয়, মোট বাজেটের হিসেবে বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, মেধাবীদের শিক্ষক হিসেবে টেনে আনতে হলেও বাজেট বেশি করতে হবে।
মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, কারিকুলামে খুব বেশি বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। এর সংশোধন প্রয়োজন। তিনি বলেন, এমপিওভূক্ত শিক্ষকরা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চাইতেও বেশি বেতন নিচ্ছেন প্রায় ১১০ শতাংশ। কিন্তু সেখানকার শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। এক দেশে দু’ আইন চলতে পারে না।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সৃজনশীল পদ্ধতি চালু পর শিক্ষকরা এখনো তা আত্মস্থ করতে পারেননি। তারা নোট বই দেখে প্রশ্ন করছেন, এতে করে সৃজনশীল পদ্ধতিকেও আগের যুগের নোট-গাইড ধারায় নিয়ে যাওয়া হচ্ছে। অথচ এ নোট-গাইড বন্ধ করতেই সৃজনশীল পদ্ধতি চারু করা হয়েছে। তিনি সুপারিশ করেন বিরাট আকারের প্রশ্ন ব্যাংক গড়ে তুলে নোট গাইডের নির্ভরতা কমাতে হবে। তিনি স্কুলের লাইব্রেরিকে শক্তিশালী ও তাতে বই বাড়ানোর পরামর্শ দেন।
আবু সায়ীদ আরো বলেন, স্কুল-কলেজকে সকল ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত করে, সেখানকার ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করা গেলে শিক্ষার সোনার খাঁচা তৈরি হবে। সরকারি স্কুল-কলেজগুলোকে ক্যাডেট কলেজের মানে উন্নীত করতে হবে। তিনি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি চালু রাখতে হলে টিক চিহ্ন বাদ দিয়ে এক কথায় উত্তর লিখার ব্যবস্থা করার পরামর্শ দেন। তিনি বলেন, পরীক্ষার উদ্দেশ্য শতভাগ পাস নয়, পরীক্ষার উদ্দেশ্য যাচাই-বাছাই করে মেধাবীদের চিহ্নিত করা। সবাই যদি পাশ করে তা হলে, স্কুলের বা পরীক্ষার দরকার কি?
শিক্ষানীতি ২০১০’র আলোকে ২০১৩ সালে প্রণীত মাধ্যমিকের বর্তমান কারিকুলাম সংশোধনের পরামর্শ দিয়ে উক্ত নীতি প্রণেতা কমিটির একাধিক সদস্য ছাড়াও অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, পাঠ্যবই এমনভাবে করা উচিৎ যেন শিক্ষার্থীরা বুঝতে পারে। সঠিকভাবে পাঠ্যবই লিখতে হবে। ভালো পাঠ্যবই তৈরী করা গেলে ৫/ ১০ বছর চলবে। তিনি পরীক্ষা ব্যবস্থা উন্নত করতে ভালো প্রশ্ন প্রণয়নের উপর জোর দেন। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষার জন্য ভালো শিক্ষক টেক্সবই ও পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ও শিক্ষকদের মান ভালো বলা যাবে না।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, সৃজনশীল পদ্ধতির নাম দিয়ে যেভাবে এ কারিকুলাম তৈরী করা হয়েছে, তা জটিল হয়ে গেছে। এ দায় প্রণেতা কমিটির সদস্য হিসেবে আমারও রয়েছে। তিনি বলেন, পাঠ্যবই পর্যালোচনা করা দরকার। জাতীয় কারিকুলাম পুনঃবিন্যাস করতে হবে।
অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ফরাস উদ্দিনের বক্তব্যের সাথে দ্বি-মত পোষণ করে বলেন, ১৯ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেখানে শিক্ষকদের বেতন দেয়ার মতো সামর্থ্য প্রতিষ্ঠানের নেই। তারাই সরকারি বেতনের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। তিনি দেশের পাবলিক পরীক্ষা পদ্ধতি সংস্কারের এবং বেসরকারি শিক্ষকদের জন্য এমপিও নীতিমালা সংশোধনের পরামর্শ দেন।